
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা
শনিবার ডিসি-এসপিদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ওই সভায় নির্বাচন কমিশনার আনিছুর রহমানের বক্তব্যের জের ধরে ডিসি-এসপিরা হই-হট্টগোল করে ওঠেন। আনিছুর রহমান ভোটের সময় প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতের অভিযোগের কথা তুলে ধরেছিলেন। তার এই কথায় ডিসি ও এসপিরা হইচই শুরু করেন। এ সময় সভা সাময়িকভাবে বিঘ্নিত হয়। পরে তাদের আপত্তির মুখে কমিশনার আনিছুর রহমান বক্তব্য শেষ না করে তার সিটে গিয়ে বসে পড়েন।
সোমবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেন, মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) ‘হইচই’ করাটা ঠিক হয়নি। এধরণের পরিবেশ তৈরি হওয়াটা কোনোভাবেই ঠিক হয়নি। সাময়িকভাবে বলবো, একটু খারাপ লাগছে। বিব্রত তো বটেই। মাথার মধ্যেই তো আনতে পারিনি এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হতে পারে।
রাফিজা/২১/ডিএসই
