
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়া মাঠে আ স ম হান্নান শাহ’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০ সিটও পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিৎকার করে বলছেন, দিবাস্বপ্ন দেখছি আমরা। আবার বলছেন, বিশ্ব নেতারা বললেও এখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না। কেন রে ভাই? তত্ত্বাবধায়ক সরকারকে এত ভয় কেন? তার মানে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আপনারা জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না, ৩০টা সিটও পাবেন না। এটিই হচ্ছে ভয়ের কারণ। এই জন্যই বলছেন যে, কোনোদিনও তত্ত্বাবধায়ক সরকার হবে না।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা-নেত্রী, এমপি-মন্ত্রী যারা এই কথা বার বার বলছেন, তত্ত্বাবধায়ক সরকার হবে না, তাদের উদ্দেশে বলছি- এটা (তত্ত্বাবধায়ক সরকার) জনগণের দাবি, জনগণের কাছে মাথা নত করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেন। এটি আপনাদেরকেই করতে হবে। আমরা বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার হবে, তত্ত্বাবধায়ক সরকার না হলে এদেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না।’
মির্জা ফখরুল বলেন, সেফ এক্সজিট নিতে চাইলে তোমরা পদত্যাগ কর, পদত্যাগ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর কর এবং সংসদ বিলুপ্ত কর। এরপরে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন হবে, সেই কমিশন সংসদ নির্বাচন ও সরকার গঠন করতে সাহায্য করবে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজিবুল-হক/১৮/ডিএসই
