
নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতান
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতানকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ওসি সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘২০টি মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলে নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতানকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ২০ মামলার ১৭টিতে তার বিরুদ্ধে সাজা রয়েছে। এসব মামলায়ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার মধ্যে খুলশী থানায় সাতটি রয়েছে। সবকটি মামলায় আদালত কর্তৃক তার সাজা হয়েছে। এছাড়া পাঁচলাইশ থানায় ৯টি, কোতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে।’ অধিকাংশই ব্যাংকের ঋণ খেলাপি সংক্রান্ত মামলা বলে জানান তিনি।
২৬৮ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে সাউথইস্ট ব্যাংক জুবলী রোড শাখার দায়ের করা মামলায় নুরজাহান গ্রুপের পরিচালক টিপু সুলতানসহ দু’জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ১৬ সেপ্টেম্বর টিপু সুলতানসহ নুরজাহান গ্রুপের ছয় কর্মকর্তার পাসপোর্ট জব্দেরও নির্দেশ দেন চট্টগ্রামের অর্থ ঋণ আদালত।
বাংলাদেশ কমার্স ব্যাংকের ছয় কোটি টাকার ঋণের বিপরীতে করা মামলায় ১১ আগস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহম্মদ ও টিপু সুলতানকে এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।
৩২৫ কোটি ৮৪ লাখ টাকা খেলাপি ঋণের অভিযোগে জনতা ব্যাংকের দায়ের করা মামলায় শুনানি শেষে ১০ ফেব্রুয়ারি ঋণ খেলাপির অভিযোগে নুরজাহান গ্রুপের তিন কর্ণধারকে পাঁচ মাসের আটকাদেশ দেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান।
তাহমিদ/১৩/ডিএসই
