
সার্ভিস হাব লিমিটেডকে পেমেন্ট সিস্টেম অপারেটর লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে একটি সার্কুলার জারি করে সার্ভিস হাব লিমিটেডকে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্স দিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ৭ (এ) (ই) ধারার ক্ষমতাবলে জারি করা বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশন ২০১৪ অনুসারে বাংলাদেশ ব্যাংক সার্ভিস হাব লিমিটেড কে পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের শর্ত সাপেক্ষে দেশের অভ্যন্তরে ‘পে স্টেশন’ ব্রান্ড নামে পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।
সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর নিকট পাঠানো হয়েছে।
উল্লেখ্য, পেমেন্ট সিস্টেম অপারেটর প্রধানত পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রদান করে, যার সাহায্যে ই-কমার্স উদ্যোক্তারা তাদের পণ্য/সেবা মূল্য ইন্টারনেটের মাধ্যমে গ্রহণ করতে পারে। এছাড়া কিছু পেমেন্ট সিস্টেম অপারেটর এর অবকাঠামো ব্যবহার করে ব্যাংকগুলো কার্ড ও এটিএম লেনদেন পরিচালনা করে।
কেন্দ্রীয় ব্যাংক এ পর্যন্ত ১১টি প্রতিষ্ঠানকে পিএসপি ও পিএসও লাইসেন্স দিয়েছে। আইপে সিস্টেম, ডি মানি ও রিকারশন ফিনটেক পেয়েছে পিএসপি লাইসেন্স। আর পিএসও লাইসেন্স আছে সফটটেক ইনোভেশন, আইটি কনসালট্যান্ট, এসএসএল কমার্স, সূর্যমুখী লিমিটেড, পোর্টোনিক্স লিমিটেড ও ওয়ালেটমিক্স লিমিটেড। আর নতুন পিএসও লাইসেন্স পেল সার্ভিস হাব লিমিটেড, অপটিমাম সল্যুশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
রাসেল-মজুমদার/১০/ডিএসই
