Wednesday, July 29

বান্দারবানে মিয়ানমার সেনাবাহিনী আবার চারটি মর্টার শেল ছুঁড়েছে !

মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া চারটি মর্টার শেলে নিহত ১ আহত শিশু সহ ৬

মায়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে ‘নোট ভার্বালের’ মাধ্যমে প্রতিবাদ জানানোর পর আবার শুক্রবার রাত ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তমব্রু কোনারপাড়া সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া আরও চারটি মর্টার শেল এসে পড়েছে।

এর মধ্যে তিনটি শূন্যরেখায় থাকা রোহিঙ্গা ক্যাম্পে ও আরেকটি বাংলাদেশের সীমানার ভেতর পড়েছে। এতে এক রোহিঙ্গা শিশুসহ ছয় জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে মোহাম্মদ ইকবাল নামে এক রোহিঙ্গা যুবক মারা যান।

তমব্রু রোহিঙ্গা ক্যাম্প কমিটির চেয়ারম্যান দিল মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতরা হলেন ১০ বছরের সাদিয়া জান্নাত, তার মা সাবেকুন নাহার, নবী হোসেন, ভুলু ও আনাছ। এর মধ্যে আনাছ বাংলাদেশি।

গত প্রায় এক মাস ধরে সীমান্তে উত্তেজনা চলছে। ওপারে মিয়ানমার থেকে মর্টার শেলসহ নানা ভারী অস্ত্রের আওয়াজে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু ও বাইশপারী এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। গত ২৮ আগস্ট তমব্রু উত্তরপাড়ায় এসে পড়েছিলো একটি অবিস্ফোরিত মর্টার শেল। সেদিন সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা যায়।

এর আগে, গত ৩ সেপ্টেম্বর মিয়ানমারের দুটি যুদ্ধবিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে ছোড়া দুটি গোলা ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় পড়ে। সেগুলো অবিস্ফোরিত থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

রাজ-মং/২২/ডিএসই