Wednesday, July 29

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ঘোষণা

শেষ হলো ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে ২৪টি দেশের সেনারা কাজ করবেন, এ ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো চার দিনব্যাপী ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার (আইপিএএমএস)।

বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিয়ে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউএস আর্মি প্যাসিফিকের যৌথ আয়োজনে ৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনারের সমাপনী অনুষ্ঠান হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিনসহ ২৪টি দেশের সামরিক কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেনারেল শফিউদ্দিন এবং জেনারেল ফ্লিন বিদায়ী বক্তব্য রাখেন এবং আইপিএএমএস-২০২২ এ অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এছাড়া, পরবর্তী আয়োজক হিসেবে ভারতীয় সেনাবাহিনীর প্রতিনিধির কাছে আইপিএএমএসের পতাকা হস্তান্তর করা হয়। পরে বাদ্যযন্ত্রে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় সংগীত বাজিয়ে সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এবারের সম্মেলনে ‘বলিষ্ঠ শান্তিরক্ষা’, ‘নারীর ক্ষমতায়ন’ এবং ‘ইন্দো প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে স্থল বাহিনীর ভূমিকা’ বিষয়ে তিনটি প্লেনারি সেশন হয়। 

সম্মেলনের একটি পর্ব কক্সবাজারে অনুষ্ঠিত হয়, যেখানে ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বাড়াতে সামরিক কূটনীতি’ বিষয়ে গোল টেবিল বৈঠকে মিলিত হন অংশগ্রহণকারী সামরিক নেতৃবৃন্দ। এছাড়া, জুনিয়র নেতৃবৃন্দ পেশাদারিত্বের ওপর পৃথক পৃথক আলোচনায় অংশ নেন। সম্মেলন শেষে প্রতিনিধিদলটি উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এই সম্মেলনের মাধ্যমে  ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও বেগবান হবে এবং এই অঞ্চল তথা বিশ্বে বাংলাদেশের সক্ষমতার প্রকাশ ও সুনাম আরো বৃদ্ধি পাবে বলে আইএসপিআরের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।

আইএসপিআর/১১/ডিএসই