Wednesday, July 29

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী

রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১২.১৮ মি‌নি‌টে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ‌বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরী মারা গেছেন বলে জানিয়েছেন সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ।

সাজেদা চৌধুরীর ছেলে সাহাব আকবর চৌধুরী লাভু জানিয়েছেন, তার মা রাত ১১টা ৪০ মি‌নি‌টে মারা গেছেন। কখন, কোথায় জানাজা হবে তা সকা‌লে জানানো হবে ব‌লেও জানান তি‌নি।

১৯৫৬ সাল থেকে সাজেদা চৌধুরী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৬৯–১৯৭৫ সময়কালে তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। 

মুক্তিযুদ্ধকালীন সময়ে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। 

১৯৭২-১৯৭৫ সময়কালে বাংলাদেশ নারী পুনর্বাসন বোর্ডের পরিচালক, ১৯৭২-১৯৭৬ সময়কালে বাংলাদেশ গার্লস গাইডের ন্যাশনাল কমিশনার এবং ১৯৭৬ সালে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাব্বির-খন্দকার/০৮/ডিএসই