Wednesday, July 29

পুতিন এবং শি জিনংপিং বৈঠক

দুই নেতার বৈঠক চীন-রাশিয়ার সম্পর্ক জোরদারের সবুজ সংকেত

চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভ এবং রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের শুরুর পর আগামী সপ্তাহে উজবেকিস্তানে প্রথমবার বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনংপিং।

মস্কোর ওপর কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে দুই নেতার বৈঠক চীন-রাশিয়ার সম্পর্ক আরও জোরদারের সবুজ সংকেত দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

হংকংয়ের নাটিক্সিসের প্রধান এশিয়া প্যাসিফিক অর্থনীতিবিদ অ্যালিসিয়া গার্সিয়া হেরেরো বলেন, এশিয়ার সম্ভাব্য নতুন জ্বালানি পাইপলাইনসহ যৌথ অর্থনৈতিক প্রকল্প ঘোষণা আসতে পারে বৈঠক থেকে। বৈঠক নিয়ে মস্কো- বেইজিংয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে উজবেকিস্তানের সমরকন্দে এসসিও (সাংহাই সহযোগিতা সংস্থা) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংস্থাটি চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান নিয়ে গঠিত।

তাস/১০/ডিএসই