
ডিএসসিসি ও স্বাস্থ্য মন্ত্রনালয় ফার্মেসি বন্ধের সিদ্ধান্তে মুখোমুখি
১ সেপ্টেম্বর থেকে ফার্মেসি বন্ধ করার সময়সীমা বেঁধে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জরুরি এ সেবার সময়সীমা বেঁধে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া আসে সব মহল থেকে। তবু নিজেদের সিদ্ধান্তে অটল ডিএসসিসি।
সংস্থাটির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ১২টার মধ্যে মহল্লার ওষুধের দোকান বন্ধ করতে হবে। আর রাত ২টার পর বন্ধ করতে হবে হাসপাতালের সঙ্গে যুক্ত ওষুধের দোকান।
ডিএসসিসির এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়। সাধারণ মানুষের বক্তব্য, মানুষ কখন অসুস্থ হবে, কখন ওষুধ কিনবে, কখন ওষুধ খাবে— সেই সময় বেঁধে দেওয়ার কোনো এখতিয়ার সিটি করপোরেশনের নেই। রাত ২টার পর কেউ অসুস্থ হলে কোথায় ওষুধ পাবে। তাই রাতে ওষুধের দোকান বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই।
সমালোচনার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডিএসসিসির নির্দেশনা নাকচ করে দিয়ে বলেন, জরুরী স্বাস্থ্য সেবা বিধায় ফার্মেসি হাসপাতালের মতই ২৪ ঘন্টা খোলা থাকবে।
জনস্বার্থে মন্ত্রীর সিদ্ধান্তের পরও ডিএনসিসি তাদের সিদ্ধান্তে এখনো অনঢ়।
মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ এ প্রসংগ বলেন, “ফার্মেসি মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত বিষয়। হাসপাতাল-ক্লিনিকের আশপাশে ফার্মেসিগুলো বন্ধ করা সমীচীন নয়। এগুলো ২৪ ঘণ্টাই খোলা রাখা উচিত”।
কানিজ-ফৌজিয়া/১১/ডিএসই
