
সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, কাউকেই গ্রেপ্তার করা হবে না। বিরোধী দলের সবাইকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, উল্টা রূপ। আওয়ামী লীগ কথা বলবে একটা, কাজ করবে আরেকটা। এভাবেই তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।
সোমবার (২৯ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির কর্মসূচি আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা দেখে আওয়ামী লীগের যে সন্ত্রাসী চরিত্র, সেটা আরও একবার উদ্ভাসিত হয়েছে। আওয়ামী লীগের রক্তেই সন্ত্রাস রয়েছে। তারা রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। বলপ্রয়োগ ছাড়া তাদের টিকে থাকার আর কোনও যোগ্যতা নেই।
জামাতের আমীরের জোট ত্যাগ প্রসংগে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আপনারা সাংবাদিক হিসাবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু এ ব্যাপারে আমি উত্তর দেব না। জিজ্ঞাসা করাটা যেমন আপনাদের গণতান্ত্রিক অধিকার, তেমনি উত্তর না দেওয়াটাও আমার গণতান্ত্রিক অধিকার। আপনারা গণতান্ত্রিকভাবে যা খুশি বলতে, লিখতে পারেন।
