Wednesday, July 29

দিনাজপুরে এমপির বিরুদ্ধে এমপির ফেসবুক লাইভে অভিযোগ

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার

গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজস্ব পেজ থেকে লাইভে বলেন, “আমাদের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন, বিশেষ করে আমার জেলার সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার (দিনাজপুর-৫) সাহেব; তার গাত্রদাহ ও ঈর্ষার কারণ যে, শিবলী সাদিকের প্রোগ্রামে কেন হাজার হাজার মানুষ আসে? শিবলী সাদিক কেন এত বড় প্রোগ্রাম করছে, শিবলী সাদিকের নাম কেন জেলায় শোনা যাচ্ছে?”

শিবলী সাদিকের অভিযোগ, ‘জেলা কাউন্সিলকে কেন্দ্র করে আমার সঙ্গে নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যানেরও সম্পর্কের অবনতি ঘটিয়েছেন, তাকে দিয়ে অভিযোগ করিয়েছেন। প্রত্যেকটি উপজেলাতেই তিনি গ্রুপিং করছেন। অবস্থানে থাকার জন্য মানুষে মানুষে দ্বন্দ্ব সৃষ্টি করেছেন।

‘ফুলবাড়িতে আমাদের যে জমি ছিল আপনার আচরণের জন্য বিক্রি করে দিয়েছি। আমরা লাখ লাখ টাকা খরচ করে আপনাকে প্রধান অতিথি করি। তার প্রতিদানে আপনি আমাদের এভাবে প্রতিদান দেন।’

তিনি বলেন, ‘আপনার (ফিজার) চাওয়া-পাওয়া (হচ্ছে), যে কোনোভাবে মানুষকে ছোট করতে হবে, ধ্বংস করে দিতে হবে। এককভাবে আপনার আসনে এমপি হবেন। প্রত্যেকটা সংসদীয় আসনে আপনি বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছেন। আমার বাবাকে নির্বাচনে হারিয়েছেন, আমি ভুলি নাই সেই কথা। আপনি সূক্ষ্মভাবে আপনার আসন ছাড়া সব প্রার্থীকেই হারিয়েছেন। খালিদের (খালিদ মাহমুদ চৌধুরী) বাবাকে হারিয়েছেন, ইকবাল ভাইয়ের বাবাকে হারিয়েছেন, মিজানুর রহমান মানুকে হারিয়েছেন, আমার বাবাকে হারিয়েছেন। এই কথাগুলো কষ্টের সঙ্গে, দুঃখের সঙ্গে বলছি, বিনয়ের সঙ্গে বলছি। এখান থেকে পরিবর্তন হতে হবে।

এমপি শিবলী সাদিক অভিযোগ করে বলেন, ‘আমার এলাকায় দুটি কমিটি অনুমোদন দিচ্ছেন না। আপনার সুপারিশে ৬২ হাজার টন কয়লা দেওয়া হয়েছে। যে কয়লা সাড়ে ৯ হাজার টাকা করে ক্রয় করে ২২ থেকে ২৬ হাজার টাকা টন বিক্রি করেছেন। আমি বিএনপি জামাতের এমপি না। কথাটা মনে রাখতে হবে।

তিনি বলেন, ‘আগামীতে যদি আপনার দ্বারা ষড়যন্ত্র হয় তাহলে আমাদেরও আপনার চরিত্রে আসতে হবে। যদিও নোংরামি আমাদের পরিবার আমাদের শেখায়নি। এখন তো মুখ খুলেছি, আগামীতে আচরণ এবং ব্যবহারের পরিবর্তন না আসলে প্রত্যেকটি এলাকায় ব্যারিকেড সৃষ্টি করব আমি।’

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, ‘ফেসবুকে উনি কী বলেছেন, আমি নিজে শুনিনি। তবে অনেকেই আমাকে বলেছেন। শিবলী সাহেব যা বলেছেন উনার দায়িত্বে বলেছেন। উনি একজন সংসদ সদস্য, উনার বলা এটা শোভন হয়েছে কিনা সেটা উনার বিষয়। আমি মনে করি যে, আমার কোনো ষড়যন্ত্র করার দরকার হয় না। আমি যে পদে দাঁড়িয়ে আছি ষড়যন্ত্র করে এই পদে আমি নাই। উনার সব কথার জবাব আমার দেওয়ার দরকারও নাই। আর এটা আমার জন্য মানায়ও না।’

রোমানা/তানভির-১০/২৩/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *