
জন্মাষ্টমী মিছিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ওবায়দুল কাদের
ভারতের সাথে একাত্তরের রক্তের বন্ধনে আমরা আবদ্ধ। কিন্তু তাই বলে আমরা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত সরকারকে অনুরোধ করবো—এ ধরনের কোনও অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি এবং শেখ হাসিনার সরকারের পক্ষ থেকেও কাউকে এ ধরনের দায়িত্ব দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রীর বক্তব্য প্রসংগে বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’
শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী মিছিল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের সমর্থন, ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বাইরের কেউ আমাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। আল্লাহর ইচ্ছায়, জনগণের সমর্থনে আওয়ামী লীগ টিকে আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে টিকে থাকবে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি বলতে চাই, শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী… যিনি এ কথা বলেছেন, এটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা আমাদের সরকারের বক্তব্য নয়, দলেরও বক্তব্য নয়। সবাইকে এটা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই।’
ওবায়দুল কাদের বলেন, ‘পঁচাত্তরের পর ২১ বছর ধরে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক রেখে আমাদের নিজেদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যে সংশয় ও অবিশ্বাসের সম্পর্ক ছিল, শেখ হাসিনা-নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সেই সংশয়-অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন। এখন সেই সংশয়ের দেয়াল নেই।’
রুবেল-সিকদার/২৩/ডিএসই
