Wednesday, July 29

আগস্টের পর টের পাবেন কত ধানে কত চাল – নানক

জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই। নৈরাজ্যের পথ ছেড়ে দিয়ে নির্বাচনের পথে হাঁটুন, নির্বাচনকে মোকাবিলা করুন। আগস্ট মাসটা যেতে দেন, তারপর টের পাবেন কত ধানে কত চাল।

শনিবার (১৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সামরিকতন্ত্রকে পদাঘাত করার জন্য এই আওয়ামী লীগ লড়াই করেছে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে। সরকার পতনে বিএনপি নেতাদের হুমকি-ধমকির প্রসঙ্গে হুশিয়ারি দিয়ে আওয়ামী লীগ নেতা নানক বলেন, পরিষ্কারভাবে বলতে চাই— মির্জা ফখরুল সাহেব, নৈরাজ্যের পথ ছেড়ে দেন। নৈরাজ্য সৃষ্টি করে শব্দবোমা ব্যবহার করে হুমকি-ধমকি দিয়ে এই আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। এই আওয়ামী লীগ আপনাদের প্রতিরোধ করেছে। জনগণকে সাথে নিয়ে ঘাড় ধরে ক্ষমতা থেকে নামিয়ে নিয়েছে। নৈরাজ্যের পথ ছেড়ে দেন, নির্বাচনের পথে হাঁটুন। নির্বাচনকে মোকাবিলা করুন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যদি মনে করে থাকেন আমরা আপনাদের নেতাদের মতো পালিয়ে যাব, তাহলে ভুল করবেন। আমরা বীর সন্তান, আমরা জাতির পিতার আদর্শের সন্তান, আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশে আছি, আমরা থাকবো। আমরা আমৃত্যু যেকোনও অপশক্তির বিরুদ্ধে যেকোনও সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনও অপকর্ম, অগ্নিসন্ত্রাসী, বোমাবাজদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের শান্তি সমৃদ্ধি অক্ষুণ্ণ রাখার জন্য শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করে যাবো।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রখেন।