
মন্ত্রিপরিষদ সভায় ভার্চুয়ালি যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বৃহস্পতিবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় গণভবন থেকে সভাপতি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় কেন জ্বালানি তেলের দাম বাড়ানো প্রয়োজন ছিল সেটা যাতে মানুষকে পরিষ্কার করে ব্যাখ্যা দেওয়া হয়—এ জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজকের বৈঠকে জাতীয় শিল্পনীতি-২০২২ এবং ওষুধ আইন-২০২২ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দেশে শক্তিশালী একটি শিল্প খাত গড়ে উঠবে।
আনোয়ারুল ইসলাম জানান, এর ফলে লাইসেন্স ছাড়া কেউ ওষুধ আমদানি করতে পারবে না। যদি কেউ এটা করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হবে। সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলে একই রকম শাস্তি হবে। তবে ওষুধের দাম ও মান নিয়ে আইনে কিছু বলা হয়নি। নীতিমালা করে এগুলো নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
মোফাজ্জল/০২/ডিএসই
