
প্রধানমন্ত্রী নিজের লেখা ‘শেখ ফজিলাতুন নেছা আমার মা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাকে নিয়ে নিজের লেখার সংকলন ‘শেখ ফজিলাতুন নেছা আমার মা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন; যেখানে বঙ্গমাতাকে লেখা বঙ্গবন্ধুর এক আবেগঘন চিঠিও স্থান পেয়েছে।
সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপন এবং বঙ্গমাতা পদক প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রীর লেখার ওই সংকলনে তার মা ফজিলাতুন নেছাকে কারগার থেকে লেখা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের এক আবেগঘন চিঠিও রয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় ১৯৫৯ সালের ১৬ এপ্রিল বঙ্গবন্ধু চিঠিটি লিখেছিলেন। ওই বছর কোনো এক ঈদের পরে তার সহধর্মিনী ফজিলাতুন নেছা কারাগারে তার সঙ্গে দেখা করে যাওয়ার পর তিনি চিঠিটি লিখেছিলেন।
চিঠির মাধ্যমেও বঙ্গব্ন্ধু পরিবারের সবার খোঁজখবর নেন এবং সন্তানদের নাম ধরে ধরে পড়ালেখা ও স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শও দেন। একইসঙ্গে তার জন্য চিন্তা না করতেও বলেন।
১৯৩০ সালের ৮ অগাস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন ফজিলাতুন্নেছা মুজিব। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে তাকেও হত্যা করে খুনিরা।
রফিকুল-ইসলাম/২১/ডিএসই
