
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং
তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভুল হিসাব-নিকাশের আশঙ্কা আছে বলে সতর্ক করেছেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যোগাযোগের কমতি এবং সন্দেহ দানা বাঁধার কারণে সহসাই পরিস্থিতির উন্নতি হবে না।
সিঙ্গাপুরের জাতীয় দিবসকে সামনে রেখে এক টিভি ভাষণে লি বলেন, এ অঞ্চলে উত্তেজনা এবং ঘোর বৈরিতার ধাক্কা তার দেশেও লাগবে। তাই এখনকার চেয়ে আরও কম শান্তি ও স্থিতিশীলতাপূর্ণ ভবিষ্যতের জন্য সিঙ্গাপুরের প্রস্তুত হওয়া উচিত।
তিনি বলেন, “আমাদের চারপাশে একটি ঝড় ঘনিয়ে আসছে।”
লি আরও বলেন, “নানাদিক থেকে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের অবনতি হচ্ছে। এ সম্পর্কের উন্নতি সহসাই হবে না। উপরন্তু দুপক্ষের মধ্যে ভুল হিসাব-নিকাশ কিংবা দুর্ঘটনা খুব সহজেই পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যেতে পারে।”
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফরের জেরে কঠোর সামরিক প্রতিক্রিয়া দেখাতে চীন তাইওয়ান প্রণালীতে নজিরবিহীন মহড়া শুরু করে।
রোববার সেই সামরিক মহড়া শেষের পর তাইওয়ানের চারপাশের সমুদ্র এবং আকাশে ফের নতুন মহড়া শুরুর ঘোষণা দিয়েছে চীন। দেশটির সেনাবাহিনীর ইস্টার্ন থিয়েটার কমান্ড সোমবার বলেছে, তারা সমুদ্র অভিযান এবং সাবমেরিন-বিধ্বংসী মহড়া চালাবে।
আন্তর্জাতিক-ডেস্ক/৩৭/ডিএসই
