Wednesday, July 29

দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান স্পেনে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানা পরিদর্শন করেন

স্পেন ও যুক্তরাজ্য সফর শেষে গত মঙ্গলবার (২ আগস্ট) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।  আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত স্পেন সফরকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর জন্য সদ্য কেনা দ্বিতীয় এয়ারবাস সিএএসএ সি২৯ডব্লিউ (Airbus CASA C295W) বিমান হস্তান্তরের চূড়ান্ত প্রস্তুতিমূলক কার্যক্রম এবং উক্ত বিমানের ওপর প্রশিক্ষণরত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সদস্যদের প্রশিক্ষণ পর্যবেক্ষণের উদ্দেশে এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস কারখানা পরিদর্শন করেন।

এছাড়াও তিনি বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর জন্য ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের উপযুক্ততা এবং তার কার্যকারিতা সরেজমিনে পরিদর্শন করেন।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে স্পেনের বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক ও সহযোগিতার সম্ভাবনা আরও একধাপ এগিয়ে যাবে বলে আশা করা যায়।

সফরের দ্বিতীয় অংশে ২৮ জুলাই জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ২২তম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। কমনওয়েলথ গেমস-২০২২ এ বাংলাদেশের ৫০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বিভিন্ন প্রতিযোগিতায় ও অফিশিয়াল হিসেবে অংশগ্রহণ করে।

কমনওয়েলথ গেমস চলাকালে সেনাবাহিনী প্রধান আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের প্রেসিডেন্ট মোহাম্মদ জালুদসহ বিভিন্ন আন্তর্জাতিক ফেডারেশনের প্রেসিডেন্টদের সঙ্গে  মতবিনিময় এবং খেলাধুলার উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি বিভিন্ন ইভেন্টে উপস্থিত থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন।

আইএসপিআর/১৪/ডিএসই