
ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দিয়েছে রাশিয়া
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার ইউরোপে গ্যাস সরবরাহ আরও কমিয়ে দিয়েছে রাশিয়া। যে কারনে জার্মানিসহ মধ্য ইউরোপের দেশগুলোতে গ্যাসের দাম লাফিয়ে বাড়তে শুরু করেছে।
সামনে শীত মৌসুমে বাড়িঘর গরম রাখতে যে পরিমাণ গ্যাসের প্রয়োজন পড়বে তা কোথা থেকে পূরণ হবে তা নিয়ে এরই মধ্যে ইউরোপের দেশগুলোতে উদ্বেগ দেখা দিয়েছে।
সমালোচকরা বলছেন, রাশিয়া তাদের গ্যাসকে ‘রাজনৈতিক অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। তবে মস্কো বলছে, রাশিয়ার অর্থনীতি ধ্বংস করতে পশ্চিমা বিশ্ব দেশটির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার জেরেই বিশ্ববাজারে এ অস্থিরতা দেখা দিয়েছে।
জার্মানি তাদের মোট গ্যাস আমদানির ৫৫ শতাংশই আনে রাশিয়া থেকে। ওই গ্যাসের বেশিরভাগই আসে নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে। বাকি গ্যাস ভূমিতে স্থাপন করা নানা পাইপলাইন দিয়ে সরবরাহ করা হয়।
রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম জার্মানিতে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার ব্যাখ্যায় বলেছে, একটি টারবাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য তারা গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে।
রাশিয়ার গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া অবশ্য যুক্তরাজ্যের ওপর সরাসরি প্রভাব ফেলবে না বলে জানিয়েছে বিবিসি। কারণ, দেশটি তাদের মোট গ্যাস আমদানির ৫ শতাংশেরও কম আনে রাশিয়া থেকে।যদিও যুক্তরাজ্যে বুধবার গ্যাসের দাম ৭ শতাংশ বেড়ে গেছে। গত বছরের তুলনায় এখন দেশটিতে গ্যাসের দাম ছয় গুণ বেশি।
রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় পরিস্থিতি মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন গ্যাসের ব্যবহার কমাতে একমত হয়েছে। এখন ইইউর সদস্যরা স্বেচ্ছায় অগাস্ট থেকে মার্চ মাস পর্যন্ত গ্যাসের ব্যবহার ১৫ শতাংশ কমিয়ে আনতে একমত হয়েছে।
রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে জার্মানি পরমাণু শক্তির ব্যবহার বাড়ানোর কথা ভাবছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স/২১/ডিএসই
