Wednesday, July 29

বেপরোয়া প্রাইভেটকার আটক করে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা

উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়

রংপুরের গঙ্গাচড়ায় বেশ কয়েকজন পথচারী ও যানবাহনকে ধাক্কা দিয়ে পালানোর সময় একটি বেপরোয়া প্রাইভেটকার আটক করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে জনতা।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়,  দ্রুতগামী একটি প্রাইভেটকার আনুরবাজার, শেখ হাসিনা সেতুসহ অন্তত ৫টি স্থানে সিএনজি, অটোরিকশা ও প্রাইভেটকার এবং বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাচ্ছিল। পরে এসকেএস বাজার এলাকা অতিক্রমের সময় অপর একটি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় বেপরোয়া প্রাইভেটকারটিকে আটক করে স্থানীয়রা।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের উপপরিদর্শক আরিফ হোসেন জানান, প্রাইভেটকার চালকসহ বাকিরা পালিয়ে যায়। তবে উত্তেজিত জনতা প্রাইভেটকারটি ভাঙচুর করে এবং এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়।

আগুনের খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নেভাতে পারলেও প্রাইভেটকারটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

রফিকুল/১১/ডিএসই