
ঢাকা : রোববার (২ আগস্ট) রাজধানীর বঙ্গবাজারে ফায়ার সার্ভিস সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, রাজধানী ঢাকায় ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ফায়ার সার্ভিসের নিজস্ব অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হতে পারে।
ফায়ার সার্ভিস আয়োজিত ‘অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতিতে একই সময়ে বহু স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।
ডিজি বলেন, ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ক্ষেত্রে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি নিয়মিতভাবে ভূমিকম্পের সময় করণীয়, নিরাপদ আশ্রয়, লিফট ব্যবহার না করা এবং টর্চলাইট, প্রয়োজনীয় ওষুধ ও বাঁশিসহ একটি জরুরি কিট প্রস্তুত রাখার বিষয়ে প্রচারের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোনো ভবনে প্রবেশের আগে অবশ্যই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কারণ ভবনের ক্ষয়ক্ষতির ধরন অনুযায়ী উদ্ধারকৌশল নির্ধারণ করা হয়। তাই সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদেরও নিজেদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
কানিজ-০৩/ডিএসই-৮
