
তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেলো বাংলাদেশ
গ্যাবায় টস জিতে রোববার বাংলাদেশ আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৫০ রান করে। রান তাড়ায় নেমে জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৪৭ রান করে। সুপার টুয়েলেভে নেদারল্যান্ডসের পর জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেলো তারা। শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হবে সেমিফাইনালের আশায়।
জিম্বাবুয়ের উইকেটের মিছিলে শুরুর দিকে জয় সহজ মনে হলেও উইলিয়ামস-বার্ল ম্যাচটাকে নিয়ে আসেন শেষের দিকে। বাড়তে থাকে নাটক। শেষ দুই ওভারে স্পিন হওয়াতে বাড়তে থাকে আরও শঙ্কা। দুর্দান্ত বোলিং করতে থাকা মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের আগেই বোলিং করিয়ে ফেলেন অধিনায়ক সাকিব আল হাসান। ১৮তম ওভারের শেষ দুই বলে হাসান মাহমুদকে দুই চারে শন উইলিয়ামস ব্যবধান কমিয়ে আনেন। ১৯তম ওভারে বোলিংয়ে আসেন সাকিব। দুর্দান্ত থ্রোতে রানআউট করেন উইলিয়ামসকে। তার ব্যাট থেকে আসে ৪২ বলে ৬৪ রান।
শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬। বোলিংয়ে আসেন আগের তিন ওভারে ২৭ দেওয়া মোসাদ্দেক হোসেন। দ্বিতীয় বলে ইভান্স ফেরেন বাউন্ডারি লাইনে। তৃতীয় বলে লেগ বাই থেকে চারের পর ক্রিজে এসে এনগারাভা ছয় হাঁকিয়ে আরও সহজ করে দেন। পরের বলেই স্টাম্পিং তিনি।
শেষ বলেও ছক্কা মারতে চেয়েছিলেন নতুন ব্যাটসম্যান ব্লেসিং মুজারাবানি। একই ভাবে তিনিও আউট হলেন। বাংলাদেশ মেতে উঠলো ৪ রানের জয় উৎসবে। দুই দলের খেলোয়াড় একে অন্যের সঙ্গে হাত মিলিয়ে মাঠ থেকে উঠে গেলেন।
কিন্তু কয়েক সেকেন্ড পরই নাটক। আম্পায়ার রিভিউ নিয়ে দেখতে পান স্টাম্পে সামনে থেকে বল ধরেছিলেন সোহান। আইসিসির আইন অনুযায়ী নো বল হওয়ায় আবারও মাঠে নামতে হয় দুই দলকে।
শেষ পর্যন্ত খলনায়ক হতে হয়নি সোহানকে। মোসাদ্দেকের শেষ বলটি ফ্রি হিটে ব্যাটেই লাগাতে পারেননি মুজারাবানি। ৮ উইকেটে ১৪৭ রানে থামে জিম্বাবুয়ে, বাংলাদেশ জেতে ৩ রানে।
তাসকিন ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কার ওঠে তাসকিনের হাতে। মোস্তাফিজ মাত্র ১৫ রান দিয়ে নে ২ উইকেট। ৩৪ রান দিয়েন মোসাদ্দেক নেন ২ উইকেট। এ ছাড়া সাকিব ৩৪ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য।
স্পোর্টস-ডেস্ক/৪১/ডিএসই
