Wednesday, July 29

হায় হায় পার্টি হায় করুক, আমরা আমাদের কাজ করি, দেশ এগিয়ে যাক – প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ রবিবার ২৪ জুলাই ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত বলেন, “যারা নাই নাই, গেলো গেলো, হায় হায় করে বেড়াচ্ছে, এই হায় হায় পার্টি হায় হায় করতেই থাকুক। মাঝে মাঝে তো একটু তাদের বলতে দিতে হবে। আর আমরা আমাদের কাজ করে যাই, দেশ এগিয়ে যাক।”

শেখ হাসিনা বলেন, ‘দেশ এগিয়ে যাবে, জনগণের ওপর আমাদের ভরসা আছে। জনগণ আমাদের পাশে আছে, ইনশাআল্লাহ। বাংলাদেশকে জাতির পিতাই তো বলে গেছেন কেউ দাবায়ে রাখতে পারবা না। কেউ দাবায়ে রাখতে পারবে না। পদ্মা সেতুতে বাধা দিয়েছিল, সে বাধা অতিক্রম করে এই সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করে বিশ্বকে আমরা এই বার্তা পৌঁছে দিয়েছি- বাংলাদেশ পারে, আমরাও পারি।’

বর্তমান প্রজন্মের কাছে মাছের কাঁটা একটা সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘অনেকে মাছ খেতে চায় না। কিন্তু প্রক্রিয়াজাত করলে এই কাঁটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরেই করতে পারেন। আপনারা যদি প্রেসার কুকারে মাছ ১ ঘণ্টা ১০ মিনিট সেদ্ধ করেন, মাছের কাঁটা কিন্তু নরম হয়ে যায়। মাছ মাছের মতোই থাকবে। কিন্তু কাঁটা নরম হয়ে যাবে। আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন। এতে কোনও অসুবিধা হয় না। এটা কিন্তু আমরা করি। একটা রেসিপিও দিয়ে দিলাম সঙ্গে; যাতে আপনাদের ঘরে কাঁটার সমস্যাটা না থাকে। বিশেষ করে ইলিশ মাছে একটু বেশি সময় লাগে, সমুদ্রের মাছ। অন্যান্য মাছ আরও কম সময়ে হয়ে যায়।’

রুবিনা-মাসুদ/১২/ডিএসই