
ঢাকা : রবিবার (২০ সেপ্টেম্বর) ভ্যাট অনুবিভাগ থেকে একটি সংক্রান্ত আদেশ জারি করে সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিং ও বিমাসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বাধ্যতামূলক করা ১১টি খাতগুলো হলো – সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।
আদেশ অনুযায়ী, এখন থেকে নির্ধারিত এসব খাতের উৎপাদনকারী ও সেবা সরবরাহকারীদের এনবিআরের ই-ভ্যাট পোর্টাল ব্যবহার করে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে।
এনবিআর বলছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ দেওয়া ক্ষমতাবলে এসব খাতের জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, তালিকাভুক্ত পণ্য বা সেবার পাশাপাশি কোনো নিবন্ধিত ব্যক্তি অন্য কোনও পণ্য বা সেবা সরবরাহের সঙ্গে যুক্ত থাকলে তার ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে।
নওরিন-২১/ডিএসই-৯
