
প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত চিঠি
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার (২৫ অক্টোবর) এক চিঠি দিয়ে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপড়া) উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালনের জন্য সদ্য অবসরে যাওয়া সচিব মো. শহীদ উল্লা খন্দকারকে প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছেন।
প্রধানমন্ত্রী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচনি এলাকা-২১৭ গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া)-এর উন্নয়ন কার্যক্রমে আমার পক্ষে দায়িত্ব পালনের জন্য মো. শহীদ উল্লা খন্দকারকে প্রতিনিধি মনোনয়ন প্রদান করা হলো।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার বেশ কয়েক দফা চুক্তিভিত্তিক নিয়োগের পর গত ২৯ সেপ্টেম্বর অবসরে যান।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের পঞ্চম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৬ সালে শহীদ উল্লা খন্দকার চাকরিতে যোগদান করেন। পরবর্তী সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদ থেকে অবসর যান। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৭ সালের প্রজ্ঞাপনে তাকে দুই বছর মেয়াদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালে তাকে আবার দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। ২০২১ সালে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। শহীদ উল্লা খন্দকার ১৯৪৮ সালের ২৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেন।
শাহজাহান/১১/ডিএসই
