আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ ফেসবুকে নিজের আইডিতে অনেকগুলো ছবি শেয়ার করে লিখেছেন, ‘অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ারের সঙ্গে দেখা করে সর্বদাই আনন্দিত। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের রাজনৈতিক বিষয়ক ও পাবলিক কূটনীতির প্রধান সাচা ব্লুমেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আবদুর রহমান এমপি।’
ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ারের সম্মানে সোমবার (১৯ ডিসেম্বর) রাতে শাম্মী আহমেদের গুলশানের বাসায় নৈশভোজের আয়োজন করা হয়।
সূত্রে জানা গেছে, আয়োজনটি নৈশভোজ হলেও খোশগল্পের পাশাপাশি বাংলাদেশের বিদ্যমান রাজনীতির নানা বিষয় আলোচনায় উঠে আসে। দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন দলটির নেতানেত্রীরা। অপরদিকে কূটনীতিকরাও তাদের অবস্থান জানিয়েছেন।
এর আগে গত ৫ ডিসেম্বর শাম্মী আহমেদের বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। ওই বৈঠকে শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক অংশ নেন। এসময় রবার্ট ডিকসনের সঙ্গে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের কয়েকজন কর্মকর্তা।
তার আগে গত ২৮ নভেম্বর শাম্মী আহমেদের বাসায় নৈশভোজে অংশ নেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সে সময় শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অংশ নেন। আর পিটার হাসের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে।
রাসেল-সরকার/২১/ডিএসই

