
লরা স্টোন ও মো. শাহরিয়ার আলম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের ডেপুটি কো-অর্ডিনেটর ফর গ্লোবাল কোভিড রেসপন্স অ্যান্ড হেলথ সিকিউরিটি লরা স্টোন মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে তার অফিসের সাক্ষাৎ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনের সফরে ঢাকায় এসে লরা স্টোন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। তারা বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে ডেপুটি কোঅর্ডিনেটর লরা স্টোন বলেন, বিপুল জনসংখ্যার ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্য অভূতপূর্ব এবং বিশ্বের অনেক দেশের জন্যই এটি একটি রোল মডেল।
কোভিড ভ্যাক্সিন অনুদান দেয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামনের দিনগুলোতে সহযোগিতার ক্ষেত্রসমূহ বিস্তৃত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
ডেস্ক-রিপোর্ট/২৪/ডিএসই
