
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ( সংগৃহিত )
শনিবার (২৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বিভাগীয় গণসমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বাংলাদেশের মানুষ আপনাদের বিদায় দেখতে চায়। সময় থাকতে কেটে পড়ুন। তা না হলে এ দেশের মানুষ আপনাদের বিদায় করবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার আমাদের সব অর্জন ধ্বংস করেছে। যেদিকে তাকাবেন খালি চুরি আর চুরি। দেশের মানুষ আওয়ামী লীগের বিদায় দেখতে চায়।
মির্জা ফখরুল আরও বলেন, এ সরকার রিজার্ভ চিবিয়ে খেয়েছে। আগামী তিন মাসের আমদানি-রপ্তানির জন্য ডলার নেই। এতো রিজার্ভ কোথায় গেলো?
বিএনপির এই নেতা বলেন, তারা (আওয়ামী লীগ) জোর করে দুবার নির্বাচন করেছে। ২০১৪ সালে কেউ ভোট দিতে কেন্দ্রে যায়নি। ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ২০১৮ সালে তো আগের রাতে ভোট শেষ হয়ে গেছে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশিদ ইয়াসিনের সভাপতিত্বে সমাবেশে তিনি ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু প্রমুখ বক্তব্য রাখেন।
পান্থ-দাস/২১/ডিএসই
