
আকস্মিক পরিদর্শনে অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেন মেয়র
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বুধবার (১৩ জুলাই) বুড়িগঙ্গা আদি চ্যানেল পুনরুদ্ধারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত সীমানা নির্ধারণ কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করতে আকস্মিক পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি একটি ১০ তলা ভবনের অংশবিশেষ ও খাল দখল করে গড়ে তোলা অন্যান্য বহুতল ভবন, ভবনের দেয়াল ও স্থাপনা ভাঙার নির্দেশ দেন।
এসময় খালের মধ্যে নবনির্মিত একটি ১০ তলা ভবনের শিয়ার ওয়াল থাকায় বিস্ময় প্রকাশ করে তাপস বলেন, খালের মধ্যে শিয়ার (Shear) ওয়াল দিয়েছে! খালের মধ্যে তো শিয়ার ওয়াল হবে না। খালের জায়গা ছেড়ে শিয়ার ওয়াল হবে। তারপরে তার ভবন হবে। সে তো খালের মধ্যে শিয়ার ওয়াল দিয়েছে। এটি ভাঙা যাবে।
পরিদর্শনকালে মেয়র খালের মুখের (কালুনগর স্লুইসগেটের এলাকা) প্রশস্ততা কত ফুট জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ৩১৫ ফুট বলে অবগত করেন। এসময় মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সীমানার মধ্যে থাকা সকল অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেন।
রশিদ-১/০৯/ডিএসই
