
বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল
বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামালকে বদলি করা হয়েছে। তাকে পাঠানো হয়েছে সমাজসেবা অধিদপ্তরের ডিজি হিসেবে। আর বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন।
মাত্র এক বছর চার মাসের মাথায় বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে বদলির কারণ ‘জনস্বার্থ’ উল্লেখ করা হলেও অনেকেই বলছেন, সাম্প্রতিক বিমানের নানা ‘অনিয়ম’র কারণে বদলি করা হয়েছে তাকে।
বিমানের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, চার কোটি টাকারও বেশি সরকারি টাকা খরচ করে কানাডার টরন্টোতে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করা, পাইলট নিয়োগে নানা রকম অনিয়ম, পরিকল্পনা অনুযায়ী আমেরিকার নিউইয়র্ক ও কানাডার টরন্টো ফ্লাইট পরিচালনা করতে না পারা, বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া বিমানের কর্মকর্তাদের চাকরিতে বহাল করার মতো বিতর্কিত বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিলেন বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।
বিমানের অন্য একটি সূত্রের মতে- বিমানের সাবেক এই এমডি নিয়ম কানুনের ক্ষেত্রে বেশ শৃঙ্খল ছিলেন। পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবকে চাকরিচ্যুত করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও কঠোরভাবে তিনি নিয়েছেন। বিমানে ‘ক্যান্সারের মতো পচনধরা অংশ কেটে ফেলা’র ঘোষণার মতো কঠোর সিদ্ধান্তের কারণে এমডিকে সরিয়ে দিতে একটি চক্র দীর্ঘদিন ধরে কাজ করছিল।
তওফিক/১৬/ডিএসই
