
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স’র (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে ৫২তম সীমান্ত সম্মেলন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স’র (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে ৫২তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। রোববার (১৭ জুলাই) বিকেল ৩টায় পিলখানা বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদের নেতৃত্বে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করছেন।
বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক ও সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সার্ভেয়ার জেনারেল অফ বাংলাদেশ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন।
অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী পঙ্কজ কুমার সিং’র নেতৃত্বে ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও সম্মেলনে যোগদান করছেন।
সম্মেলনে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ এবং স্বর্ণসহ অন্যান্য চোরাচালান; নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড; সীমান্ত নদীর তীর সংরক্ষণ, বিভিন্ন সশস্ত্র উগ্রবাদী-সন্ত্রাসী সংগঠন/গোষ্ঠীর কর্মকাণ্ড সম্পর্কিত তাৎক্ষণিক তথ্য বিনিময়; সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ; দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন উপায় ও বিবিধ বিষয়সমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ ছাড়াও ভারত হতে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যূত মায়ানমার নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ রোধ নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
তানভির-খান/১২/ডিএসই
