Wednesday, July 29

বাড়ি-গাড়ির মালিক চিহ্নিত করতে এনবিআরের নতুন উদ্যোগ

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম

ঢাকার বাড়ি ও গাড়ির মালিকদের কর জালের আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবে দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকো এবং বিআরটিএ এর সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মু. রহমাতুল মুনিম।

এর কারণ তুলে ধরে তিনি বলেন, “বাড়ির মালিককে খুঁজতে গেলে যদি বুঝতে পারে যে এনবিআর থেকে এসেছে, তখন তারা বাড়ির মালিক পরিচয় গোপন করে অথবা নিজেকে বাড়ির কেয়ারটেকার বলে পরিচয় দেয়। তখন কোনও প্রমাণ না থাকায় আমরা কিছু করতে পারি না।

“তাই আমরা বাড়ির মালিক এবং বিদ্যুতের মিটারের মালিক চিহ্নিত করার জন্য ডিপিডিসি ও ডেসকোর সঙ্গে এপিআই চুক্তি করেছি।“

চেয়ারম্যান জানান, নির্ধারিত কর আদায়ের সুবিধার্থে গাড়ির মালিক চিহ্নিত করতে তথ্য বিনিময়ের জন্য বিআরটিএ এর সঙ্গেও এপিআই চুক্তি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান চলতি ২০২২-২৩ অর্থবছরে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ করে কর জাল সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা জানান।

তিনি বলেন, রিটার্ন দাখিল ও কর প্রদানে উৎসাহিত করতে নতুন করদাতারা এখন নির্দিষ্ট সময়ের পরিবর্তে অর্থবছরের যে কোনও দিন রিটার্ন দাখিল করতে পারবেন। এজন্য কোনও জরিমানা নেওয়া হবে না।

সরকারি কিছু সেবার ক্ষেত্রে ই-টিআইএন সনদের বদলে রিটার্ন দাখিলের প্রমাণপত্র বাধ্যতামূলক করার কারণে রিটার্ন দেওয়ার হার বাড়বে বলে আশা তার।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান গত ২০২১-২২ অর্থবছরে এনবিআরের মাধ্যমে ৩ লাখ ১ হাজার ৬৩৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানান।

বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় গত অর্থবছরের রাজস্ব আদায়কে ‘খুব খারাপ বলা যাবে না’ বলে মনে করেন মুনিম।

অনুষ্ঠানে এনবিআরের সদস্য সামস উদ্দিন আহমেদ, জাকিয়া সুলতানা ও মো. মাসুদ সাদিক উপস্থিত ছিলেন।

রুহুল-আমিন/১৬/ডিএসই