
ঢাকা : আগামী ১ নভেম্বর থেকে শুধু দোকান বা প্রতিষ্ঠানে পণ্য ও সেবার মূল্য পরিশোধ নয়, ‘বাংলা কিউআর’ ব্যবহার করে সরাসরি একজনের ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেট থেকে অন্যজনের হিসাবে টাকা পাঠানো যাবে। তাছাড়া আন্ত:ব্যাংক লেনদেনে কোনো চার্জ লাগবে না।
ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সবার নাগালের মধ্যে আনতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন এই সুবিধা চালু করার লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরকে (পিএসও) প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মোবাইল অ্যাপে কিউআর তৈরি, স্ক্যান এবং গ্যালারি থেকে কিউআর কোডের ছবি আপলোডের সুবিধা যুক্ত করতে হবে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ১ নভেম্বর থেকে সর্বজনীন বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন চালু হবে।
কিউআর কোড পরিবর্তন করে বা ভুয়া কিউআর ব্যবহার করে প্রতারণা ঠেকাতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। নতুন ব্যবস্থায় ‘পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার’ (পিকেআই) প্রযুক্তি ও ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ ব্যবস্থা নগদ টাকার ওপর মানুষের নির্ভরতা কমানোর পাশাপাশি দেশে ক্যাশলেস লেনদেনের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রেজা-১৩/ডিএসই-৮
