
৫ শতাংশ সুদে ৩০ লাখ টাকা জামানতবিহীন ঋণ
কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে জারি করা সার্কুলারে পরিবেশবান্ধব খাতে বিদ্যমান ৪০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন আওতায় ফ্ল্যাট কেনায় ঋণের বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত নিম্ন ও মধ্যবিত্তদের ঋণ দেবে ব্যাংক। এই ঋণের সুদহার ৫ শতাংশ। সর্বোচ্চ ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য ঋণ পরিশোধে ১৮ মাস গ্রেস পিরিয়ডসহ ১০ বছর সময় পাওয়া যাবে। অর্থাৎ ঋণের কিস্তি দেড় বছর পর থেকে দেওয়া শুরু করবেন গ্রাহকরা।
সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে ফ্ল্যাট কেনাসহ কয়েকটি প্রকল্পসহ মোট ৬৮ পণ্যে এই ঋণ দেওয়া হবে। আগের পুনঃঅর্থায়ন স্কিমে পরিবেশবান্ধব ৫৫ পণ্য বা প্রকল্প অথবা উদ্যোগে ঋণ দেওয়া হতো।
বিদ্যমান পুনঃঅর্থায়ন তহবিলের সুদ হার সব পর্যায়ে ১ শতাংশ করে কমানো হয়েছে। পরিবেশবান্ধব খাতে চুক্তিবদ্ধ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক থেকে এতদিন ৪ শতাংশ সুদে তহবিল পেতো। যা কমিয়ে এখন ৩ শতাংশ করা হয়েছে। ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে ৫ থেকে সর্বোচ্চ ৬ শতাংশ সুদে এই ঋণ দেবে।
আশরাফুল-করিম/১১/ডিএসই
