
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
শনিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত ‘দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নোকার চ্যাম্পিয়নশিপ-২০২২’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আনসার আল ইসলামের প্রধান সমন্বয়ক মেজর জিয়া আধুনিক যন্ত্রপাতি এবং প্রযুক্তি ব্যবহার করে কৌশলে আড়ালে-আবডালে অবস্থান করছেন। তবে আমরা তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।
গত নয় বছর ধরেই আনসার আল ইসলামের প্রধান সমন্বয়ক মেজর (চাকরিচ্যুত মেজর) সৈয়দ জিয়াউল হক ওরফে মেজর জিয়ার নাম শোনা যাচ্ছে। কিন্তু তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। এটি কি আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলে মনে করছেন? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাকে ধরা হচ্ছে না এটা ঠিক নয়।
মেজর জিয়ার অবস্থান কি এখন পর্যন্ত শনাক্ত করা গেছে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রতিনিয়তই জঙ্গি মেজর জিয়া তার অবস্থান পরিবর্তন করছেন। আমরা তার অবস্থান শনাক্ত করছি আবার তিনি (অবস্থান) পরিবর্তন করে ফেলছেন। তবে আশা করছি, খুব শিগগির থাকে ধরা সম্ভব হবে।
এদিকে, আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় এখনও কোনো তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া যায়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তদন্ত কমিটির কোনো প্রতিবেদন এখনো আসেনি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
তানভির/২৩/ডিএসই
