
প্রধানমন্ত্রীর আম বাগান
রংপুরের পীরগঞ্জে পরিবেশবান্ধব আর পুষ্টির চাহিদা মেটাতে মডেল হিসেবে গড়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীর আম বাগানটি।
রংপুর-ঢাকা মহাসড়কের ধার ঘেঁষে এক সময়ের পতিত জমিতে গড়ে তোলা দৃষ্টিনন্দন এই আমবাগান সহজে নজর কাড়ে সবার। বাগান দেখতে প্রতিদিন ভীড় করে মানুষ। উপজেলার উজিরপুরের শেখ হাসিনার মোড়ে প্রধানমন্ত্রীর দেড় একরের বেশি জমিতে আমবাগানটি গড়ে তোলা হয় ২০১৩ সালে।
স্থানীয়ভাবে এটি দেখাশুনা করছেন প্রধানমন্ত্রীর নাতি (প্রধানমন্ত্রীর স্বামী ড. ওয়াজেদ মিয়ার ভাগ্নের ছেলে) শাহিদুল ইসলাম পিন্টু।
পিন্টু জানান, বাগান করার পর ২০১৬ সাল থেকে কিছু কিছু গাছে আম ধরেছিল। তবে এ বছর প্রতিটি গাছে থোকায় থোকায় আম ধরেছে। বারি আম-৪ ও জনপ্রিয় হাঁড়িভাঙা প্রজাতির আম সমৃদ্ধ এ বাগান স্থাপনে সহায়তা করছে রংপুরের বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র। বাগানে মোট ১১০টি আম গাছের মধ্যে বারি আম-৪ জাতের ৫৫টি এবং হাঁড়িভাঙা জাতের গাছ রয়েছে ৫৫টি। এ বছর বাগানে আমের ফলন বেশ ভাল হয়েছে।
শাহিদুল ইসলাম পিন্টু বলেন, ‘২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জে তাঁর জমিতে একটি মডেল আম বাগান করার জন্য আমাকে নির্দেশ দেন। এরপর বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে যোগাযোগ করে ভালো মানের বারি আম-৪ ও হাঁড়িভাঙা জাতের আমের চারা এনে জমিটিতে রোপণ করি। যা এখন একটি পরিপূর্ণ আমবাগানে পরিণত হয়েছে।
তিনি জানান, ইতোমধ্যেই প্রধানমন্ত্রীকে হাঁড়িভাঙা জাতের আম পাঠানো হয়েছে। তিনি আম খেয়ে আমাকে ধন্যবাদ দিয়েছেন। বারি আম-৪ জাতের আম পাকতে সময় লাগবে। তবে এ ব্যাপারে পরামর্শসহ বিভিন্নভাবে সহায়তা দিয়েছে কৃষি গবেষণা কেন্দ্র।
এ বছর আমের ফলনসহ বাগানের অগ্রগতি জেনে প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন বলেও জানান শাহিদুল ইসলাম পিন্টু।
তৌফিক/০৫/ডিএসই
