
প্রথম দিনে সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতিতে ছিল প্রায় ৯০%
আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে। সরকারি প্রধান দফতর সচিবালয়ে দেখে গেছে, সকাল সাড়ে ৭টার মধ্যে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসতে শুরু করেন। আগে সাধারণত সাড়ে ৮টার মধ্যে অফিসে পৌঁছাতেন তারা। প্রথম দিনে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে প্রাণোচ্ছল ছিল সচিবালয়।
নতুন সময়সূচির প্রথম দিনে সচিবালয়ে আসা কর্মকর্তা-কর্মচারীদের বেশ উৎফুল্ল দেখা গেছে। তবে সময়ের আগেই অফিসে পৌঁছাতে অনেকের মধ্যে তাড়াহুড়াও ছিল।
নতুন কর্মসূচি অনুযায়ী কয়েকজন মন্ত্রীকে সকাল ৮টার মধ্যে নিজ নিজ দফতরে আসতে দেখা গেছে। জানা গেছে, কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরা নিজ নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন ফ্লোরে ঘুরে ঘুরে উপস্থিতির হার পর্যবেক্ষণ করেছেন। একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে পর্দা ব্যবহার করছেন কিনা, এসি ব্যবহার করছে কিনা এবং অতিরিক্ত বাতি না জ্বালানোর বিষয়ে তারা পর্যবেক্ষণ করেন।
মূল ফটকের অভ্যর্থনা কক্ষে শুরুতে দর্শনার্থীদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। তবে ৯টার পর কয়েকজন দর্শনার্থীকে ২ নম্বর গেট সংলগ্ন অভ্যর্থনা কেন্দ্রে আসতে দেখা যায়। এছাড়া সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আনসার এবং বিশেষ সংস্থার সদস্যদের নিজ নিজ দায়িত্বে উপস্থিতি লক্ষ্য করা গেছে।
