Wednesday, July 29

পদ্মা ব্যাকের ঋণ জালিয়াতি – এমডি সহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক

১০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগে পদ্মা ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী সহ ১১ জনের বিরুদ্ধে আজ সোমবার (২৯ আগষ্ট) মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সকালে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনামুল হক।

মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা পারস্পরিক যোগসাজশের ক্ষমতার অপব্যবহার করে ঋণ গ্রহীতার বন্ধকী করা সম্পত্তির ফোর্সড সেল ভেল্যু কম জানা সত্ত্বেও ও পূর্বে প্রদত্ত ১৪ কোটি টাকা ঋণের অতিরিক্ত আরও ১০ কোটি টাকা ৩ মাস মেয়াদী টাইম ঋণ প্রদান করেন। ওই টাকা স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ও নগদে উত্তোলণ করে উক্ত দশ কোটি টাকা আত্মসাৎ ও সহযোগিতার অভিযোগে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় মামলাটি করা হয়।

দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়- ১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত প্রতিবেদককে বলেন, সাবেক ফারমার্স ব্যাংকে ২০১৮ দেড় কোটি টাকার জমি অতি মূল্যায়ন করে বন্ধকী নিয়ে ১৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়। পরে আবার ১০ কোটি টাকা টাইম লোন দিয়ে ব্যাংকটির এক পরিচালক ও তার স্ত্রীর হিসাবে স্থানান্তর করা হয়। বিষয়টিতে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকটি জালিয়াতির আশ্রয় নিয়েছে। প্রধান কার্যালয়ের অনুমোদন শেষে সোমবার ১১জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন, ব্যাংকটির সাবেক এসভিপি শওকত ওসমান চৌধুরী, খাতুনগঞ্জ শাখার সাবেক ম্যানেজার অপারেশন মো: আনোয়ার হোসেন, এস.বি অটো ব্রিকস ইন্ডাস্ট্রিজ লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক মো. ছগীর চৌধুরী, মেসার্স আলম এন্টারপ্রাইজের স্বত্ত্বাধীকারী মো. আবু আলম, তার স্ত্রী পারভীন আক্তার, ন্যাশনাল সার্ভে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাজেদুল ইসলাম, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম শামীম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ এবং সাবেক ভাইস চেয়ারম্যান ড.আতহার উদ্দিন।

রিয়াসাত/২১/ডিএসই