Wednesday, July 29

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে গড়ে উঠবে খেলাপি ঋণের সেকেন্ডারি মার্কেট

খেলাপি ঋণের সংকটময় অর্থনীতি থেকে বেরিয়ে আসতে খেলাপি ও অবলোপন করা ঋণ বিক্রির জন্য গঠন করা হচ্ছে বিশেষায়িত প্রতিষ্ঠান ‘ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি’ (ডিএএমসি)।

ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের জন্য ‘ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা-২০২৬’ নামে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয় এই আইনের খসড়া প্রণয়ণ করেছে। এই আইনের মাধ্যমে ঋণ কেনাসহ পুনর্গঠন, পুনঃ তফসিল, জামানত দখল, সম্পদ বিক্রি, আদালতে মামলা পরিচালনা, প্রয়োজনে ঋণকে শেয়ারে রূপান্তরও করা হবে। ডিএএমসি প্রয়োজনে রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানের পুনর্গঠন, আধুনিকায়ন ও নতুন বিনিয়োগের ব্যবস্থাও করতে পারবে এবং খেলাপি ঋণ কিনতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন ফান্ডের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ তহবিল গঠন করতে পারবে।

‘ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি’কে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি স্বতন্ত্র নিয়ন্ত্রক ইউনিট গঠন থাকবে। পাশাপাশি খেলাপি সম্পদ দ্রুত উদ্ধার ও বাস্তবায়নের জন্য গঠন করা হবে ডিস্ট্রেসড সম্পদ ব্যবস্থাপনা টাস্কফোর্স। ওই টাস্কফোর্সকে প্রয়োজনীয় তথ্য ও নথি দিতে সব সরকারি ও বেসরকারি সংস্থা বাধ্য থাকবে, এমন বিধান যুক্ত হচ্ছে আইনে।

খসড়া আইনে বলা হয়েছে, বর্তমানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি, অবলোপন করা ও নন-পারফর্মিং ঋণ পুনরুদ্ধার বা বিনিয়োগকারীদের কাছে বিক্রির জন্য কোনো সমন্বিত আইন নেই। ফলে ব্যাংকের ব্যালেন্স শিটে বিপুল পরিমাণ ঝুঁকিপূর্ণ সম্পদ আটকে থাকছে, যা নতুন ঋণ বিতরণ ও আর্থিক খাতের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। এ আইনটি কার্যকর হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে এসব সম্পদ বিক্রি, পুনর্গঠন ও পুনরুদ্ধারের সুযোগ তৈরি হবে।

রেজাউল-করিম/১০/ডিএসই