
ঢাকা : শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে অঙ্কিত ‘জুলাই গ্রাফিতি’ সংরক্ষণের লক্ষ্যে পুনরায় রং করা ও লিখন কার্যক্রম শুরু হয়েছে। উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘‘জুলাইয়ের গ্রাফিতিগুলো ক্ষমতাচ্যুত সরকারের শাসনামলের দমন-পীড়নের সাক্ষ্য বহন করে এবং এগুলো সংরক্ষণের মাধ্যমে সেই সময়ের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা হবে।’’
ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম বলেন, ‘‘২০২৪ সালের জুলাই-আগস্টে তরুণ ও সাধারণ মানুষ অন্যায় ও নিপীড়নের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও পেশার মানুষ একত্রিত হয়েছিলেন। সে সময় প্রতিবাদ দমনে সাধারণ মানুষের ওপর সহিংসতা চালানো হয়েছিল। আন্দোলনের সময় দেশজুড়ে দেয়ালে আঁকা গ্রাফিতির মাধ্যমে শিক্ষার্থীরা তৎকালীন সরকারের দমন-পীড়নের চিত্র তুলে ধরেছিলেন।’’
উপাচার্য বলেন, “আমরা হয়তো একদিন থাকব না, এই গ্রাফিতির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম রক্তাক্ত সেই দিনগুলোর কথা স্মরণ করবে এবং জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী চেতনা ধারণ করবে।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছে, ১ থেকে ৩ আগস্ট পর্যন্ত উপাচার্যের বাসভবন থেকে রোকেয়া হল পর্যন্ত বিভিন্ন দেয়ালে আঁকা গ্রাফিতি পুনরায় আঁকা ও সংরক্ষণের কাজ চলবে। নিবন্ধিত শিক্ষার্থী ও শিল্পীরা এতে অংশ নিচ্ছেন। উদ্যোগটির লক্ষ্য হলো গ্রাফিতিগুলোর মূল রূপ, বার্তা ও তাৎপর্য অক্ষুণ্ন রাখা।
নওরিন-০১/ডিএসই-৮
