
সাত দফা দাবিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে স্মারকলিপি
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ বেতন গ্রেড উন্নীতকরণ, অবিলম্বে পে-কমিশন গঠনসহ সাত দফা দাবিতে বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে।
দুপুরে ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলাম ও মহাসচিব রুহুল আমিনসহ অন্য নেতারা প্রতিমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি পৌঁছে দেন। তবে এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অফিসে ছিলেন না।
সাত দফা দাবির মধ্যে রয়েছে- ১. (ক) বাংলাদেশ সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণ।
(খ) সচিবালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের ‘সচিবালয় নন-ক্যাডার নিয়োগ বিধিমালা, ২০১৪’ এর তফসিল ৩(ক) ও ৩(খ) অনুযায়ী যারা সহকারী সচিবের (নন-ক্যাডার) ফিডার পদের যোগ্যতা অর্জন করেছেন শুধু তাদের নবম গ্রেডে উন্নীতকরণ।
(গ) উপ-সচিবসহ অন্য কর্মকর্তাদের মতো ৫০০ সুপারনিউমারারি পদ সৃষ্টি করে এও/পিওদের সহকারী সচিব পদে পদোন্নতি প্রদান।
২. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অবিলম্বে পে-কমিশন গঠন করতে হবে। পে-স্কেল বাস্তবায়নের আগে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য ৩০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান করতে হবে।
৩. সরকারি কর্মচারীদের আগের মতো সিলেকশন গ্রেড ও টাইমস্কেল দিতে হবে।
৪. পেনশনের হার ২৩০ থেকে ৩০০ টাকায় নির্ধারণ করতে হবে এবং পেনশন আনুতোষিক আগের মতো শতভাগ সমর্পণ করতে হবে।
৫. সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বয়স ৫৯ থেকে ৬২ বছরে উন্নীত এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছরে উন্নীত করতে হবে।
৬. আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে এ পদ্ধতিতে নিয়োগ করা ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।
৭. ব্যাংকিং প্রথায় গৃহনির্মাণ ঋণ সহজ করতে হবে।
রফিকুল/২১/ডিএসই
