
ফোটানো পানি পান করুন
খাবার পানি কতক্ষণ ধরে ফোটানো উচিত জানতে চাইলে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এনভাইরনমেন্টাল হেলথ ল্যাবরেটরির প্রধান ড. জাহিদ হায়াৎ মাহমুদ বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনের কথা যদি বলি, সেখানে ১ মিনিট ধরে রোলিং বয়েলিংয়ের কথা বলা হয়েছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশনা হলো, পানিতে বলক এসে ফুটতে শুরু হওয়ার পর মাত্র ১ মিনিট জ্বালালেই পানিতে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া নিষ্ক্রিয় হয়।
তবে, পানিতে থাকা লেড, ক্রোমিয়াম ও সিলিকনসহ অন্যান্য ভারী ধাতব (হেভি মেটাল) বস্তু দূর করার জন্য ৫ ঘণ্টা ধরে ফুটিয়ে পানি নিঃশেষ করে ফেললেও সেটা দূর হবে না। হেভি মেটালের বয়েলিং পয়েন্ট ১০০ ডিগ্রির বেশি। তবে, অধিকাংশ ক্ষেত্রে ১-৩ মিনিট রোলিং বয়েল করা হলে পানিতে থাকা অনুজীব নষ্ট হয়ে যায়।
একটি জরিপে জানা যায়, গৃহস্থালি পর্যায়ে পানি ফুটিয়ে পানের উপযোগী করতে প্রতিবছর আনুমানিক ৩৩২ কোটি টাকার গ্যাসের অপচয় হয়।
ডেস্ক-রিপোর্ট/৫০/ডিএসই
