Wednesday, July 29

কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে দুই দেশের বাহিনী মুখোমুখি ( ছবি-ইউরোনিউজ )

শনিবার এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে দুই দেশের বাহিনীর তুমুল সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৭ জন। সংঘাত কবলিত এলাকা থেকে সাধারণ জনগনকে সরিয়ে নেয়া হয়েছে।

গত সপ্তাহের শুরুতে দুই দেশের সীমান্তে থেমে থেমে সংঘর্ষ শুরু হয়। কিন্তু শুক্রবার (১৬ সেপ্টেম্বর) তা মারাত্মক পর্যায়ে পৌঁছায়। ভারী ট্যাংক, কামান এবং রকেট লঞ্চারসহ অন্যান্য অস্ত্র নিয়ে লড়াই চলে উভয়পক্ষের। গোলার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তজুড়ে।

শনিবার ভোরে কিরগিজস্তান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী বাতকেন অঞ্চলের হাসপাতালে এখন পর্যন্ত ২৪ জনের লাশ পৌঁছেছে।

তবে লড়াই বন্ধে শুক্রবার দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শত্রুতা অবসানে সহায়তার অংশ হিসেবে উভয়পক্ষ একটি যৌথ পর্যবেক্ষণ গ্রুপ প্রতিষ্ঠায় সম্মত হয়েছে। এরপরও সীমান্তে সংঘর্ষ চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এক বিবৃতিতে কিরগিজ সীমান্ত বাহিনী বলেছে, ‘তাদের বাহিনী তাজিক হামলা প্রতিহত করে যাচ্ছে। প্রতিনিয়ত গোলাবর্ষণের শিকার হচ্ছে। কয়েকটি এলাকায় তীব্র সংঘর্ষ চলছে।’

পাল্টা অভিযোগ এনে তাজিকিস্তান দাবি করছে, ‘কিরগিজ বাহিনী তাদের অবস্থান আরও শক্তিশালী করছে। পাশাপাশি আমাদের সীমান্তবর্তী তিনটি সীমান্তবর্তী গ্রামে ব্যাপক গুলি চালিয়েছে’।

আল-জাজিরা/২৭/ডিএসই