Thursday, September 3

অক্টোবরে রোহিঙ্গা গণহত্যা মামলার রায়

গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী দাওদা এ. জালোর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ২৩তম বিশেষ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের ফাঁকে গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও দেশটির আইনমন্ত্রী দাওদা এ. জালোর সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই বৈঠকে গাম্বিয়ার আইনমন্ত্রী জানিয়েছেন, মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) চলতি বছরের অক্টোবরে রায় ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

দাওদা এ. জালো বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহির বিষয়ে এই রায়টি রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গাম্বিয়ার নেতৃত্বের প্রশংসা করেছেন হুমায়ুন কবির। তিনি রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক আলোচ্যসূচির শীর্ষে রাখতে এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনসহ একটি পূর্ণাঙ্গ ও টেকসই সমাধানের প্রচেষ্টা এগিয়ে নিতে বাংলাদেশ ও গাম্বিয়ার মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বকালে।

নওরিন-২৭/ডিএসই-৮