Thursday, September 3

অর্ডন্যান্স ফ্যাক্টরী সম্প্রসারণে ৫৪.৯৯ একর জমি সেনাবাহিনীর নিকট হস্তান্তর

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

চট্টগ্রাম : আজ (২৭ আগস্ট) চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশন এর নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস্ লিঃ এর ৫৪.৯৯ একর জমি বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরী সম্প্রসারণের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর কিউএমজি লেঃ জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। বক্তব্যের পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ কর্পোরেশনের পক্ষে চেয়ারম্যান, বিটিএমসি এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মিলিটারি এস্টেট অফিসার, ইস্টার্ন সার্কেল, চট্টগ্রাম প্রতিনিধিত্ব করে চুক্তিতে স্বাক্ষর করেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

পরে এবিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এ কে এম শামছুল ইসলাম, সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয় শরফ উদ্দিন আহমদ চৌধুরী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে সেনাবাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিরক্ষা সামগ্রীসহ দেশে উৎপাদিত সকল ধরনের পণ্য বহির্বিশ্বে সমাদৃত করতে চায়। প্রতিরক্ষা শিল্পসহ সশস্ত্র বাহিনী কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এ কে এম শামছুল ইসলাম

উল্লেখ্য, রাষ্ট্রের একমাত্র অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনকারী প্রতিষ্ঠান বিওএফ সম্প্রসারণের মাধ্যমে আধুনিক সমরাস্ত্র ও গোলাবারুদের দেশিয় উৎপাদন বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস ও প্রতিরক্ষা সক্ষমতা আরও সুসংহত হবে। পাশাপাশি, এ উদ্যোগ সমরাস্ত্র উৎপাদনে স্বনির্ভরতা ও প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

হামিম-২৬/ডিএসই-৮