Tuesday, August 11

যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও ভাই সেই পথেই হাঁটছেন

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

গাইবান্ধা : সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে বিএনপিকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও ভাই এখন সেই পথেই হাঁটছেন। আপা যাওয়ার আগে বলতেন আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কিন্তু শেষ পর্যন্ত তিনি পালাতে বাধ্য হয়েছেন।

শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিন হত্যার বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিরোধীদলীয় নেতা বলেন, বাচ্চারা স্লোগান দিয়েছিল পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে। এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। পথটাই পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি দিল্লি চলে যাবেন। এই পথের শেষ ঠিকানা দিল্লি।

শফিকুর রহমান বলেন, আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না। আপনারা প্রস্তুত আছেন তো? প্রস্তুত থাকবেন। লড়াই চলছে, লড়াই চলবে। ইনশাআল্লাহ হকের বিজয় হবে, ইনশাআল্লাহ ১৮ কোটি মানুষের বিজয় হবে।

গণভোট প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, জনতার রায়কে অগ্রাহ্য, অপমান করে অতীতে কেউ টিকে নাই, শান্তি পায় নাই, সম্মান পায় নাই, ক্ষমতা পাকাপোক্ত করতে পারে নাই। আপনারা মজলুম ছিলেন, আমরা চাই আপনারা ঠিক পথে ফিরে আসুন। জনগণের সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। আমরা বিরোধী দল হিসেবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো।

ক্ষমতার লোভ নিয়ে সতর্ক করে তিনি বলেন, ক্ষমতা কারও কোমরের নিচে চিরস্থায়ী নয়। আল্লাহ যাকে পছন্দ করেন ক্ষমতায় বসান, আর যখন উঠিয়ে নিতে চান তখন উঠিয়ে নেন।

জামায়েতের আমীর বলেন, আমরা কাপুরুষ নই, আমরা দুর্বল নই। কাপুরুষ তারা- যারা অপরাধ করে, যারা দখল বাণিজ্য করে, যারা নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা তোলে, যারা মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করে। সে যেই হোক, আমার সন্তান হলেও ওটাও কাপুরুষ।

সবার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা দেখতে চাই আমাদের শিশুরা নিরাপদ, আমাদের মেয়েরা নিরাপদ, আমাদের মায়েরা নিরাপদ, আমাদের যুবকরা নিরাপদ, আমাদের বয়স্করা নিরাপদ। সকল ধর্মের মানুষ নিরাপদ, সকল বর্ণের মানুষ নিরাপদ, এ দেশের সকল ভাষার মানুষ নিরাপদ।

কানিজ-০৯/ডিএসই-৮