ঢাকা : মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ জানিয়েছে, রাজধানীর কাফরুল থানা এলাকায় যুবদল কর্মী ইউসুফ হত্যার মূল পরিকল্পনাকারী বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতা।

আজ সোমবার এক ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে হত্যার উদ্দেশ্যে আনুমানিক ২৫ লাখ টাকায় পেশাদার খুনি ভাড়া করেছিলেন।
শফিকুল ইসলাম বলেন, এলাকায় ময়লার টেন্ডার ও ফুটপাতের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সেই বিরোধের জেরেই মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকা থেকে ভাড়াটে খুনি এনে হত্যার পরিকল্পনা করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তকার করেছে ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগ ও কাফরুল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন, মো. নাহিদ হাসান (২১), মো. শাফিন আহমেদ (২২), মো. জিয়ারুল মোল্লা (৩৯), মো. আলী হোসেন (৪৫), মো. জিহাদ মোল্লা (৩০), মো. মাসুম বিল্লাহ (২৮) ও মো. আবির হাওলাদার (২৫)।
গত ২৪ জুলাই কাফরুলে কয়েকজন অস্ত্রধারীর গুলিতে যুবদল কর্মী মো. ইউসুফ, সবজি বিক্রেতা নালাম সরদার ও মো. মনির হোসেন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ইউসুফ হাসপাতালে মারা যান।
রেজা-২৬/ডিএসই-৭
