Wednesday, July 29

দিল্লিতে বিমস্টেক পর্যায়ের তাৎপর্যপূর্ণ বৈঠকে বাংলাদেশ

সন্ত্রাসবাদ মোকাবিলা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং প্রাকৃতিক দুর্যোগে যৌথভাবে মোকাবিলার কৌশল আরও শক্তিশালী করতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল বিমসটেক (BIMSTEC)-এর জাতীয় নিরাপত্তা প্রধানদের পঞ্চম বৈঠক।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগে. জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম

বাংলাদেশের পক্ষে বিমসটেকে প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগে. জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম। বিমসটেকের বর্তমান চেয়ারম্যান, বাংলাদেশ।

বৃহস্পতিবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সভাপতিত্বে বিমসটেক বৈঠকে বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ডের প্রতিনিধিরা অংশ নেন

সাম্প্রতিক ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েনের আবহে বিমস্টেক পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ ।

নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন দু-দেশের কূটনৈতিক মহলের একাংশ।

বৈঠকের আগে অজিত ডোভাল বাংলাদেশের প্রতিনিধি এ কে এম শামসুল ইসলামের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠকও করেন। সেখানে ভারত-বাংলাদেশ নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা যায়।

বৈঠকে বিমসটেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে নিরাপত্তা ক্ষেত্রে সংগঠনের অগ্রগতি এবং সদস্য দেশগুলির মধ্যে চলমান সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। এরপর সদস্য দেশগুলির প্রতিনিধিরা সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধ দমন, সাইবার হামলা মোকাবিলা, সামুদ্রিক নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডেস্ক রিপোর্ট-১৬/ডিএসই-৭