Tuesday, July 28

সরকারের উচ্চপর্যায়ের কমিটি গঠন, সভাপতি পরিবেশ মন্ত্রী

গ্রাফিক্স ডেস্ক – ডিএসই®

রোববার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে দেশে জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও জাহাজ ভাঙা শিল্পসংক্রান্ত বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।

৭ সদস্যবিশিষ্ট এই উচ্চপর্যায়ের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন শিল্প মন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং শিল্প সচিব।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এই কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবরাও অন্তর্ভুক্ত বলে গণ্য হবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, এই কমিটি দেশের জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও জাহাজ ভাঙা শিল্পসংক্রান্ত বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট সকল বিষয়াদি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবে। একইসঙ্গে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে তারা।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপ্রণালি সম্পর্কে আরও বলা হয়েছে, এই কমিটি তাদের কাজের সুবিধার্থে ও প্রয়োজনে নতুন যে–কোনো সদস্যকে কমিটিতে কো-অপ্ট বা অন্তর্ভুক্ত করতে পারবে। শিল্প মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা করবে।

১২ নভেম্বর ২০২০ সালে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ‘আঙ্কটাড’ প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ২০১৯ সালে বাংলাদেশ বিশ্বের ৫৪.৭ শতাংশ জাহাজ রিসাইকল করে। ভারত রিসাইকল করে ২৬.৬ শতাংশ, তুরস্ক রিসাইকল করে ৯ শতাংশ। আর চতুর্থ স্থানে থাকা চীন রিসাইকল করে ৩.১ শতাংশ এবং পঞ্চম স্থানে থাকা পাকিস্তান রিসাইকল করে ২.২ শতাংশ। বাকি বিশ্ব রিসাইকল করে মাত্র ৪.৪ শতাংশ।

রেজা/৬৩/ডিএসই