Wednesday, July 29

সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার গণমাধ্যমে প্রচারে আইনি নিষেধাজ্ঞা রয়েছে

শুক্রবার (১০ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক তথ্য বিবরণীতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার কোনও ধরনের ভাষণ, বিবৃতি, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও বক্তব্য প্রচার বা প্রকাশ না করতে দেশের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। এছাড়া দেশের প্রচলিত আইন অনুযায়ী, আদালতের সাজাপ্রাপ্ত কোনও পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

এ অবস্থায় দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে পলাতক শেখ হাসিনার কোনও বক্তব্য সরাসরি বা ধারণকৃত অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সরকার আশা প্রকাশ করেছে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সহযোগিতা করবেন।

হামিম/১৩/ডিএসই