Wednesday, July 29

দিনশেষে মানুষের ভালোবাসাই টিকে থাকে : সিআর-সেভেন

ডালাসে হাইভোল্টেজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে রোনালদো প্রথমে ভক্তদের ভালোবাসার স্মৃতিচারণ করে বলেন, দিনশেষে মানুষের ভালোবাসাই টিকে থাকে।

সংবাদ সম্মেলনে টেক্সাসের ফ্লাইটে একটি ঘটনার কথা উল্লেখ করে কিংবদন্তি রোনালদো বলেন, ‘আর্জেন্টিনার কথা যখন উঠলই, বলি; গতকাল ফ্লাইটে একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন আর্জেন্টাইন। তিনি যেভাবে আমার দিকে তাকাচ্ছিলেন, তা দেখেই আমি বুঝেছি তিনি আর্জেন্টিনার। হাসতে হাসতে পর্তুগিজ তারকা যোগ করেন, ‘আমি তাকে বললাম, ‘আমি নিশ্চিত আপনি আর্জেন্টিনার। কারণ আপনি যেভাবে আমার দিকে তাকিয়েই দ্রুত চোখ ফিরিয়ে নিলেন, তার মানে আপনি ক্রিস্টিয়ানোকে পছন্দ করেন না, হা হা!’

এরপর মেসির দেশের প্রতি নিজের অনুরাগের কথা জানিয়ে রোনালদো বলেন, ‘আমার স্ত্রী (জর্জিনা রদ্রিগেজ) আর্জেন্টাইন। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইনদের প্রতি আমার একটা আলাদা টান বা ভালোবাসা থাকবেই। তাই আমাদের মধ্যে সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই।’

বরাবরের মতোই সংবাদ সম্মেলনে রুমের পেছনের সারির এক ব্রাজিলিয়ান সাংবাদিকের দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘ওখানে বসা ভদ্রলোক… আপনাকে চ্যালেঞ্জ করছি একটা ভালো প্রশ্ন করার জন্য। আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না।’

ব্রাজিলের টিএনটি স্পোর্টস এবং ফোলহা দে সাও পাওলোর সাংবাদিক মার্সেলো বেচলার এগিয়ে এসে প্রশ্ন করেন, ‘৪১ বছর বয়সে এসে এই বিশ্বকাপে আপনার জন্য সবচেয়ে কঠিন কাজ কোনটি?’

রোনালদো তাৎক্ষণিক জবাবে বলেন, ‘আপনাদের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলা, যারা আমাকে পছন্দ করেন না। আর আপনিও তাদেরই একজন, আমি জানি।’

বয়সের কারণে এটিই তার শেষ বিশ্বকাপ কি না, এমন প্রশ্নের জবাবে রোনালদো সাফ জানিয়ে দেন, ‘আমি কয়েক বছর আগেও বলেছি, আমি যখন চাইব তখনই ক্যারিয়ার শেষ করব, আপনারা যখন চাইবেন তখন নয়। বারবার একই প্রশ্ন করে সময় নষ্ট করছেন। আমি এখন এসব নিয়ে ভাবছি না। কালকের ম্যাচটা জেতা এবং পরের রাউন্ডে যাওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও যোগ করেন, ‘জীবন আমাকে অনেক কিছু দিয়েছে। বিশ্বকাপ জিতলেই আমি আরও বড় ক্রিস্টিয়ানো হয়ে যাব না। আমি প্রতিদিনের খেলা উপভোগ করি এবং সমালোচনা আমাকে আরও বড় হতে সাহায্য করে।’

শেষ বিশ্বকাপ .. প্রসংগে রোনালদো বলেন সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ, এটা বেশ আকর্ষণীয় প্রশ্ন। যদি এটাই আমার শেষ বিশ্বকাপ হয়, তবে তাই হবে। আমি প্রতিটা দিন উপভোগ করছি। আশা করি আগামীকালই আমার শেষ ম্যাচ হচ্ছে না, যাতে আপনারা আমাকে আরও কিছুদিন ‘বধ’ করার সুযোগ পান।

স্পোর্টস-ডেস্ক/২১১/ডিএসই